Logo

রেফারির বিরুদ্ধে ফিফায় লিখিত অভিযোগ, ফিক্সিংয়ের দাবি মিশরের

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১১:৪৮
রেফারির বিরুদ্ধে ফিফায় লিখিত অভিযোগ, ফিক্সিংয়ের দাবি মিশরের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর রেফারির একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। শুধু সিদ্ধান্তের সমালোচনাই নয়, ম্যাচ পরিচালনায় অনিয়ম ও সম্ভাব্য ফিক্সিংয়ের অভিযোগ তুলে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগও জমা দিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ ১৩ মিনিটে টানা তিনটি গোল হজম করে ৩-২ ব্যবধানে পরাজিত হয় তারা। এই জয়ের মাধ্যমে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করলেও ম্যাচের পরপরই রেফারিং নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে পাঠানো লিখিত অভিযোগে ম্যাচের দায়িত্বে থাকা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে এবং তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ম্যাচে মিশরের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং একটি সম্ভাব্য পেনাল্টির আবেদন উপেক্ষা করা হয়েছে। তাদের দাবি, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফেডারেশনের পক্ষ থেকে ফিফার কাছে বিতর্কিত সিদ্ধান্তগুলোর ব্যাখ্যা চাওয়ার পাশাপাশি একটি স্বাধীন তদন্তেরও দাবি জানানো হয়েছে। একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে, রেফারিংয়ে গুরুতর ভুলের অভিযোগের কারণে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে ফ্রাঁসোয়া লেটেক্সিয়েকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা উচিত।

বিজ্ঞাপন

মিশরের দাবি, ম্যাচে আর্জেন্টিনার পক্ষে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গিয়ে থাকায় রেফারি ও ম্যাচ কর্মকর্তারা ফল নির্ধারণে প্রভাব ফেলেছেন। এ কারণেই তারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছে।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরাও। বাতিল হওয়া গোলের স্কোরার মোস্তফা জিকো রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, তাদের সঙ্গে সুবিচার করা হয়নি।

প্রধান কোচ হোসাম হাসানও সংবাদ সম্মেলনে রেফারির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। তার অভিযোগ, ম্যাচজুড়ে একাধিক পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, বাণিজ্যিক স্বার্থের কারণে ফিফা আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে টুর্নামেন্টে ধরে রাখতে আগ্রহী। যদিও এই অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বকাপে রেফারিংয়ের মান নিয়ে অতীতেও একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছে। চলতি আসরেও ভিএআর ব্যবহার, ফাউল, অফসাইড এবং পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ম্যাচের পর সমর্থক, সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা গেছে। সেই প্রেক্ষাপটে মিশরের আনুষ্ঠানিক অভিযোগ নতুন করে রেফারিংয়ের নিরপেক্ষতা ও সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে।

এদিকে মিশরের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে অভিযুক্ত রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়েও প্রকাশ্যে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা বা তদন্তের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরো ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক অব্যাহত থাকবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন সবার নজর ফিফার পরবর্তী পদক্ষেপ এবং অভিযোগের বিষয়ে সংস্থাটির আনুষ্ঠানিক অবস্থানের দিকে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD