ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে বড় তারকাকে হারাল মরক্কো

কাতার বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রেখে ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে মরক্কো। তবে চার বছর আগে সেমিফাইনালে যাদের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই ফ্রান্সের বিপক্ষেই এবার কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে আফ্রিকার প্রতিনিধিরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে আশরাফ হাকিমির দল। চোটের কারণে দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো।
বিজ্ঞাপন
শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। ইনজুরির কারণে ম্যাচের মাত্র ২২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচেও তার খেলা হচ্ছে না।
মরক্কোর প্রধান কোচ মোহামেদ উয়াহবি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে জানান, সাইবারি এখনও পুরোপুরি সুস্থ নন। তবে তার বিশ্বকাপ শেষ হয়ে যায়নি বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স।
কোয়ার্টার ফাইনালের মতো বড় মঞ্চ, সেখানে আবার গত আসরে বিদায় করে দেওয়া কিলিয়ান এমবাপের দল প্রতিপক্ষ। যারা চলতি বিশ্বকাপেও উড়ন্ত ফর্মে আছে। বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে নিয়ে মরক্কোর কোচ উয়াহবি বলেন, ‘সে এখনও প্রস্তুত নয়, তবে এখনই তার বিশ্বকাপ আসর শেষ হয়ে যায়নি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রুপপর্বে মরক্কোর তিন ম্যাচেই গোল করেছিলেন বিশ্বকাপ শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিতে যাওয়া এই তারকা। শেষ ৩২–এ নেদারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটা সাইবারি নিয়েছিলেন। সফল স্পটকিকের পর মেতেছিলেন বিজয়োল্লাসে। এদিকে, ফ্রান্স ম্যাচের প্রস্তুতিতে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন মরক্কোর কোচ, ‘ম্যাচের প্রস্তুতির ক্ষেত্রে কোনো চমক বা গোপন কৌশল থাকছে না। আমার লুকানোর কিছু নেই। আমি চমক পছন্দ করি না, আর যারা আমাদের খেলা বিশ্লেষণ করেছেন, তারা জানেন যে আমরা ঠিক কীভাবে খেলতে চাই সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।’
যে কোনো দলের মোকাবিলায় নিজেদের সামর্থ্য ও আত্মবিশ্বাস থাকার কথা জানিয়ে উয়াহবি বলেন, ‘অবশ্যই বল নিজেদের দখলে থাকা অবস্থায় প্রতিপক্ষকে চাপে ফেলাই হবে মূল বিষয়, তবে তা কেবল উইং বা প্রান্ত দিয়ে করলেই হবে না। বল পায়ে রেখে আমাদের ধৈর্য ধরতে হবে এবং খুঁজে বের করতে হবে কখন আমরা প্রান্ত কিংবা মাঝমাঠ দিয়ে আক্রমণে উঠতে পারি। আমরা প্রমাণ করেছি যেকোনো দলকে বিপদে ফেলার সক্ষমতা আমাদের আছে এবং সেটাই আমাদের লক্ষ্য। তবে আমি খুব বেশি বিস্তারিত আলোচনায় যাব না।’
বিজ্ঞাপন
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মরক্কোকে। তবে এবার সেই ম্যাচের সঙ্গে কোনো তুলনা টানতে রাজি নন উয়াহবি। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচের প্রেক্ষাপট আলাদা। চার বছর আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়। আমাদের দল বদলেছে, ফ্রান্সও আগের চেয়ে ভিন্ন দল। দুই দেশের ফুটবল কাঠামোই উন্নত হয়েছে। তাই এবার সম্পূর্ণ নতুন বাস্তবতায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।’
শেষ আটে জায়গা করে নেওয়ায় তার দল অনেক বড় সাফল্য পেয়েছে– সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে ওয়াহবি দ্বিমত পোষণ করে বলেন, ‘আমি সবসময়ই বলি যে টুর্নামেন্ট শেষেই আমরা সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করব। যারা বলবে “বাহ, আপনারা তো এখন পর্যন্ত দারুণ খেলেছেন।” তাদের কথায় আমরা কান দেব না। ফ্রান্স হয়তো ফেভারিট, কিন্তু জয়ের জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব। এই পর্যায়ে পৌঁছানোটা কোনো বাড়তি প্রাপ্তি বা বোনাস নয়, আসল বোনাস হলো বিশ্বকাপ জয় করা।’








