রেফারির প্রতিটি সিদ্ধান্তই খুবই নিখুঁত ছিল, আমরা সন্তুষ্ট: মেসি

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার উত্তেজনাপূর্ণ লড়াইয়ে রেফারিং নিয়ে বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। মিশর শিবিরের পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ নাকচ করে তিনি বলেছেন, ম্যাচ পরিচালনায় রেফারির সিদ্ধান্তগুলো খুবই নিখুঁত ছিল।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘রেফারিং ছিল দারুণ। প্রায় প্রতিটি সিদ্ধান্তই সঠিক ছিল। আপনারা বলতে পারেন, রেফারির কোন সিদ্ধান্তটি ভুল ছিল? আমরা তার পারফরম্যান্সে সন্তুষ্ট।’
শেষ ষোলোর এই ম্যাচে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। মিশরের হয়ে গোল করেন ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকো। ভিএআরে একটি গোল বাতিল না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মিশরের বাতিল হওয়া গোল প্রসঙ্গে মেসি বলেন, গোল হওয়ার আগেই তাদের গোলরক্ষকের ওপর স্পষ্ট ফাউল হয়েছিল। এমন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে ভিএআরের ব্যবহার প্রয়োজন ছিল এবং ম্যাচ কর্মকর্তারা সেটিই করেছেন বলে তিনি মনে করেন।
অন্যদিকে ম্যাচ শেষে মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকো রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ম্যাচ পরিচালনার সমালোচনা করেন।
বিজ্ঞাপন
এই ম্যাচে আর্জেন্টিনার জয়ে বড় ভূমিকা রাখেন মেসি। একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তা করেন তিনি। এই জয়ের মাধ্যমে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকল আর্জেন্টিনা।
আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।








