কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার নতুন চ্যালেঞ্জ গোলরক্ষক কোবেল

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ ষোলোর ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের গোলরক্ষক গ্রেগর কোবেল। এবার শেষ আটে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষেও বড় বাধা হয়ে উঠতে পারেন এই সুইস গোলকিপার।
বিজ্ঞাপন
কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে হুয়ান কামিলো হার্নান্দেজের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন কোবেল। আগামী রবিবার কানসাস সিটিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
২০২৪ সালের আগস্টে কিংবদন্তি গোলরক্ষক ইয়ান সোমারের অবসরের পর জাতীয় দলের এক নম্বর গোলরক্ষকের দায়িত্ব পান কোবেল। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। গ্রুপ পর্বে কাতার, বসনিয়া ও কানাডার বিপক্ষে তিনটি গোল হজম করলেও নকআউটে আলজেরিয়া ও কলম্বিয়ার বিপক্ষে ক্লিন শিট ধরে রেখেছেন। পুরো আসরে এখন পর্যন্ত ১৬টি গুরুত্বপূর্ণ সেভ করেছেন এবং মাত্র তিনবার বল জালে ঢুকেছে।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্যও বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছেন এই গোলরক্ষক। পুরো বিশ্বকাপের জন্য তিনি সঙ্গে এনেছেন আট জোড়া গ্লাভস। কারণ প্রতিটি ম্যাচে তিনি নতুন এক জোড়া গ্লাভস ব্যবহার করেন। ফাইনাল পর্যন্ত খেলার লক্ষ্য থেকেই এমন পরিকল্পনা করেছেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সুইস সংবাদমাধ্যম ব্লিককে দেওয়া সাক্ষাৎকারে নিজের কিছু বিশেষ প্রস্তুতির কথাও জানিয়েছেন কোবেল। ম্যাচের আগে গ্লাভসে ভ্যাসলিন ব্যবহার করেন তিনি। এর কারণ ব্যাখ্যা করে বলেন, বিশ্বকাপে ব্যবহৃত নতুন বলের ওপর বিশেষ ধরনের প্লাস্টিকের আবরণ থাকে, যা ভিজে গেলে অনেক বেশি পিচ্ছিল হয়ে যায়। ভ্যাসলিন ব্যবহার করলে বলের গ্রিপ ভালো থাকে এবং নিয়ন্ত্রণে সুবিধা হয়। আধুনিক ফুটবলে আরও কয়েকজন গোলরক্ষকও একই কৌশল অনুসরণ করেন।
টাইব্রেকারের সময় অনেক গোলরক্ষক প্রতিপক্ষের পেনাল্টি নেওয়ার ধরন লেখা চিরকুট ব্যবহার করলেও কোবেল সে পথে হাঁটেন না। তিনি বলেন, তিনি কখনোই চিট শিট দেখে পেনাল্টি ঠেকানোর চেষ্টা করেন না। পরিসংখ্যান বিবেচনায় রাখলেও সবচেয়ে বেশি ভরসা করেন নিজের সহজাত অনুভূতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ওপর।
বিজ্ঞাপন

ফলে কোয়ার্টার ফাইনালে মেসি, হুলিয়ান আলভারেজদের গোল করতে হলে কোবেলের দৃঢ় রক্ষণ ভাঙতে হবে। আর ম্যাচ যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে সুইস গোলরক্ষক আর্জেন্টিনার পেনাল্টি টেকারদের জন্য বড় মানসিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন।
এর আগে চলমান বিশ্বকাপে মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর আর্জেন্টিনার বিপক্ষে অসাধারণ কিছু সেভ করে নজর কাড়েন। এছাড়া কেপ ভার্দের গোলকিপার ভোজিনহাও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আর্জেন্টিনাকে ভুগিয়েছিলেন। এবার সেই তালিকায় নতুন নাম হতে পারেন গ্রেগর কোবেল।








