হতাশার টেস্ট সিরিজে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি তাওহীদ হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দুই ম্যাচেই পরাজয়ের পাশাপাশি একটিতে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। ব্যাটিং ও বোলিং—কোনো বিভাগেই প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। এমন ব্যর্থতার মধ্যেও বাংলাদেশের জন্য ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। তাঁর মতে, পুরো সিরিজে সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়ের ব্যাটিং।
বিজ্ঞাপন
সিরিজ শেষে হৃদয়ের পারফরম্যান্সের প্রশংসা করে সিমন্স বলেন, 'গত দুই টেস্ট থেকে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়। অসাধারণ! ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কনকাশন বদলি হিসেবে সে দলে এসেছিল। এরপর সিলেটে দ্বিতীয় টেস্টে সে নিজের সামর্থ্য দেখিয়েছে (অপরাজিত ২৪২ রান)।'
টেস্ট ক্রিকেটে হৃদয়ের উত্থনের পেছনে দক্ষিণ আফ্রিকার মাটিতেই তৈরি হয়েছিল ভিত। বছরের শুরুর দিকে বাংলাদেশ 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। সেই সফরে তাঁর সংগ্রহ ছিল ৩৫০ রান।
এ প্রসঙ্গে সিমন্স বলেন, 'আসলে এর শুরু হয়েছিল বছরের শুরুর দিকে এখানেই। সে বাংলাদেশ 'এ' দলের হয়ে সফরে এসে ৩৫০ রান করেছিল। সেটি ছিল তার সামর্থ্যের কেবল পূর্বাভাস।'
হৃদয়ের সাম্প্রতিক উন্নতি নিয়েও সন্তুষ্ট কোচ। তাঁর ভাষায়, ‘সে উন্নতি করেছে, টেস্ট ক্রিকেটে ব্যাটিংয়ের ধরন কী হওয়া উচিত, সেটি বুঝতে পারছে। তার এই অগ্রগতি দেখতে ভালো লাগছে। পুরো সিরিজ থেকে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
অন্যদিকে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে নিজের হতাশা গোপন করেননি সিমন্স। দুই ম্যাচের সিরিজে ব্যাটিং ব্যর্থতাকে বড় সমস্যা হিসেবে দেখছেন তিনি।
দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে সিমন্স বলেন, ‘হতাশাজনক বললে আসলে যথেষ্ট বলা হয় না। এর চেয়ে বড় কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তবে এটা হতাশাজনক, কারণ আমাদের ব্যাটিংয়ে গর্ববোধের অভাব ছিল।’
প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পরবর্তী ইনিংসগুলোতে ব্যাটিংয়ের অবনতি দলের পরাজয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
এ প্রসঙ্গে কোচ বলেন, ‘প্রথম টেস্টের প্রথম ইনিংসে আমরা ৪০০ রান করেছিলাম। এরপর আর সেখান থেকে এগোতে পারিনি। আমরা আটকে গিয়েছিলাম। দ্বিতীয় ইনিংসে আরও ভালো করতে পারতাম।’
দুই টেস্টের ব্যর্থতা বাংলাদেশের জন্য বড় হতাশা হয়ে থাকলেও তাওহীদ হৃদয়ের ব্যাটিং ভবিষ্যতের জন্য আশার জায়গা তৈরি করেছে বলে মনে করছেন প্রধান কোচ ফিল সিমন্স।








