সাগরে লঘুচাপের সম্ভাবনা, দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি তৈরি হলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, সম্ভাব্য লঘুচাপের সঙ্গে মৌসুমি বায়ুর প্রভাব মিলিত হলে বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও লঘুচাপ সৃষ্টি হলে সারাদেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।







