Logo

জুলাইজুড়ে ভারি বৃষ্টির আভাস, তিন অঞ্চলে বন্যার আশঙ্কা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২৬, ১৮:০৩
জুলাইজুড়ে ভারি বৃষ্টির আভাস, তিন অঞ্চলে বন্যার আশঙ্কা
ফাইল ছবি

জুলাই মাসে মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জুলাই) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ঝড় সতর্কীকরণ কেন্দ্রে বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় জুন মাসের আবহাওয়ার তথ্য বিশ্লেষণের পর এ পূর্বাভাস প্রকাশ করা হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে সারাদেশে মোট বৃষ্টিপাত স্বাভাবিক মাত্রায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে ৮ থেকে ৯ দিন বজ্রসহ বৃষ্টির ঘটনা ঘটতে পারে। পাশাপাশি বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি শক্তিশালী হয়ে মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, টানা মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভারি বর্ষণের ফলে সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় আগাম সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি আবহাওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, জুলাই মাসে দৈনিক গড় বাষ্পীভবনের পরিমাণ ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটারের মধ্যে থাকতে পারে। একই সময়ে দৈনিক গড় সূর্যালোক পাওয়ার সময় ৩ দশমিক ৭৫ থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কৃষি কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

এদিকে জুন মাসের আবহাওয়ার পর্যালোচনায় দেখা গেছে, সারাদেশে স্বাভাবিকের তুলনায় ২৯ দশমিক ৪ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর বিভাগে প্রায় স্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের তুলনায় কম।

গত জুন মাসে দেশের সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ জুন নেত্রকোনায়। একই মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ৪ জুন যশোরে রেকর্ড করা হয়। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯ জুন নরসিংদীতে পরিমাপ করা হয়।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসজুড়ে আবহাওয়া পরিবর্তনশীল থাকতে পারে। তাই ভারি বৃষ্টিপাত, বজ্রঝড়, তাপপ্রবাহ এবং নদ-নদীর পানি বৃদ্ধি—সব মিলিয়ে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থা ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD