ঢাকাসহ দেশজুড়ে আরও ৫ দিন ঝড়বৃষ্টির আভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আগামী পাঁচ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয়, দেশের অন্যান্য এলাকায় মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শনিবার (২৫ জুলাই) থেকে সোমবার (২৭ জুলাই) পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে।
এছাড়া মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, পাঁচ দিনের বর্ধিত সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।






