Logo

দুই দিনের বিরতির পর ঢাকায় আবারও বৃষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই, ২০২৬, ১২:৪০
দুই দিনের বিরতির পর ঢাকায় আবারও বৃষ্টি
ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পর রাজধানী ঢাকায় কিছুটা স্বস্তি ফিরেছিল। গত দুই থেকে তিন দিন রোদের দেখা মিললেও তাতে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমে জনজীবন আবারও অস্বস্তিকর হয়ে ওঠে। তবে সেই বিরতির অবসান ঘটিয়ে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীতে আবারও বৃষ্টি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

দিনের শুরুতেই আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল।

পূর্বাভাস অনুযায়ী, দুপুরের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়। সেই পূর্বাভাস অনুযায়ীই নির্ধারিত সময়ের কাছাকাছি ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। ফলে যেসব এলাকায় আগে থেকেই জলাবদ্ধতা রয়েছে, সেখানে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে। অন্য অঞ্চলেও এটি মোটামুটি সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি মাত্রায় বিরাজ করছে, যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি করছে।

বিজ্ঞাপন

সংস্থাটি আরও জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়ার এমন পরিস্থিতিতে রাজধানীবাসীকে অপ্রয়োজনীয় বাইরে যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারী মানুষ ও যাত্রীদের সম্ভাব্য জলাবদ্ধতা এবং ভারী বৃষ্টির কারণে সৃষ্ট সাময়িক দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD