Logo

আজ তাপমাত্রা বাড়ার পাশাপাশি হতে পারে বজ্রসহ বৃষ্টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই, ২০২৬, ১০:৫৩
আজ তাপমাত্রা বাড়ার পাশাপাশি হতে পারে বজ্রসহ বৃষ্টি
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়ার কারণে গরমের অনুভূতিও কিছুটা বেশি হতে পারে। তবে একই সঙ্গে রাজধানীতে হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দিনের বিভিন্ন সময়ে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

এদিকে, শনিবার (২৫ জুলাই) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এবং আগামীকাল (২৭ জুলাই) সূর্যোদয় হবে সকাল ৫টা ২৭ মিনিটে।

অন্যদিকে, দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সারা দেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে দিনের পাশাপাশি রাতেও ভ্যাপসা গরম কিছুটা বাড়তে পারে, যদিও বৃষ্টির কারণে অনেক এলাকায় সাময়িক স্বস্তি মিলতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD