সাগরে লঘুচাপ, দেশের ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বুলেটিনে এ সতর্কবার্তা জারি করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিমবঙ্গ ও ওড়িশা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
লঘুচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে সমুদ্রপথে চলাচলকারী নৌযানগুলো ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে সমুদ্রবন্দরগুলোতে ঝুঁকি আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এর ফল উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।







