বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, লঘুচাপের প্রভাবে সমুদ্র ও উপকূলীয় এলাকায় আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার মানুষের পাশাপাশি সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকেও সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
এদিকে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে অবস্থানরত নৌকা ও ট্রলারগুলোকে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।







