Logo

ঢাকাসহ সারাদেশে টানা বৃষ্টির আভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৪২
ঢাকাসহ সারাদেশে টানা বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

সারাদেশে টানা কয়েক দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত আবহাওয়ার বার্তায় এসব তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বর্তমানে ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় ও বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বর্ষণ হতে পারে। স্থানভেদে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

পরবর্তী চার দিনের আবহাওয়ার চিত্র বিশ্লেষণে দেখা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু করে পরবর্তী বেশ কয়েক দিন দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের এমন প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা বেশি হতে পারে। বৃষ্টির ধারাবাহিকতায় আগামী সপ্তাহের শুরুতে সোমবারের দিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার কথা বলা হয়েছে। ফলে চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পরিস্থিতি থাকতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD