Logo

বৃষ্টির দাপট কমে বাড়তে পারে রোদ ও ভ্যাপসা গরম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩
বৃষ্টির দাপট কমে বাড়তে পারে রোদ ও ভ্যাপসা গরম
ছবি: সংগৃহীত

দেশে আগামী ৮ থেকে ১০ দিনে বৃষ্টির প্রবণতা ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। একই সময়ে দিনের বেলায় রোদের উপস্থিতি বাড়ার পাশাপাশি গরমের অনুভূতিও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, এ সময় দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে। পাশাপাশি সারাদেশেই কমবেশি ভ্যাপসা গরম অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। কোনো কোনো দিন দেশের বিভিন্ন এলাকায় গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত রোদ থাকতে পারে। আবার কিছু এলাকায় দিনের প্রায় পুরো সময়ই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় গরমের তীব্রতা তুলনামূলক বেশি থাকতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর, নীলফামারী ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দু-একটি স্থানে তাপমাত্রা সাময়িকভাবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।

সংস্থাটি জানায়, এই সময়ে সার্বিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা অনেক কমে এলেও তা একদমই বন্ধ হবে না, বরং মাঝেমধ্যে হঠাৎ করে বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বজ্রবৃষ্টির ঝুঁকি থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তুলনায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি হতে পারে। ১৩ থেকে ২২ তারিখের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জেলায় দিনে গড়ে ৫ থেকে ৮ ঘণ্টা রোদ থাকার পাশাপাশি এই সময়ে গড়ে ২ থেকে ৪ দিন দুপুর, বিকেল বা রাতের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই চার বিভাগের অনেক জেলায় ৪ থেকে ৬ দিন বৃষ্টিবিহীন কাটবে। অন্যদিকে, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা আরও কম এবং রোদের তীব্রতা বেশি থাকবে। এসব বিভাগের বেশিরভাগ জেলায় আগামী ৯ থেকে ১০ দিনের মধ্যে বিরতি দিয়ে দিয়ে গড়ে ৫ থেকে ৭ দিন পুরোপুরি বৃষ্টিবিহীন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অল্প সময়ের জন্য হঠাৎ বজ্রবৃষ্টি হলেও এর আগে-পরে দিনের বেশিরভাগ সময় রোদ এবং ভ্যাপসা গরম বিদ্যমান থাকবে।

বিজ্ঞাপন

সাধারণ জনগণদের পরামর্শ দিয়ে বিডব্লিউওটি জানায়, চলতি মৌসুমে যারা রোদের ওপর নির্ভর করে প্রয়োজনীয় কাজ সারতে চান, তাদের জন্য এটাই হতে যাচ্ছে সবচেয়ে উপযুক্ত ও আদর্শ সময়। বিশেষ করে যেসব কৃষকের ধান কাটার উপযুক্ত হয়ে গেছে, তারা আবহাওয়ার স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে এই সময়ের মধ্যে ধান কাটার কাজ দ্রুত এগিয়ে নিতে পারেন। মাসের শেষদিকে আবারও বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা থাকায় এখনকার তুলনামূলক শুষ্ক সময়টি কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পর্যটকদের জন্য সুসংবাদ ও পর্যটন কেন্দ্রগুলোর অবস্থা বিষয় উল্লেখ করে সংস্থাটি জানায়, দেশের বেশিরভাগ জেলায় আবহাওয়া তুলনামূলক ভালো ও রৌদ্রোজ্জ্বল থাকার কারণে এটি ভ্রমণের জন্য বেশ উপযোগী হতে পারে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো, কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন ও হাওরাঞ্চলসহ বেশ কিছু আকর্ষণীয় স্থানে ঘুরে বেড়ানোর জন্য এটি চমৎকার সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সাগরের পরিস্থিতি সম্পর্কে বিডব্লিউওটি জানিয়েছে, বর্তমানে সাগরে একটি লঘুচাপ রয়েছে। তবে শনিবার রাত থেকে এর প্রভাব কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আগামী ১৯ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সাগরে নতুন করে লঘুচাপ কিংবা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সাগর আবারও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এ কারণে সাগরে যাওয়ার আগে সংশ্লিষ্টদের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD