Logo

৮ বিভাগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২
৮ বিভাগে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ছবি: সংগৃহীত

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকলেও দিনের পাশাপাশি রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD