Logo

বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৬, ১৩:৩৪
বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এমন পরিস্থিতিতে আগামী ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (২১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিন ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

পূর্বাভাসের দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে আবহাওয়া পরিস্থিতির খুব একটা পরিবর্তন হবে না। সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা বলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) চতুর্থ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া যথারীতি প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা থাকতে পারে।

রবিবার (২৫ অক্টোবর) দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসের শেষভাগে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞাপন

সব মিলিয়ে আগামী কয়েক দিন দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি ও এর ঘনীভূত হওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের পরবর্তী গতিপ্রকৃতি দেশের আবহাওয়ায় কী ধরনের প্রভাব ফেলবে, তা পরবর্তী পূর্বাভাসে আরও স্পষ্ট হতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD