বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, চার সমুদ্রবন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া পরিস্থিতির ক্রমাবনতির মধ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শঙ্কায় দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিববার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১৫.২° উত্তর অক্ষাংশ এবং ৯১.০° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ (২৫ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
নিম্নচাপটি দক্ষিণ দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে আজ (২৫ অক্টোবর) পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞাপন
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি ও উপকূলে এর প্রভাব সম্পর্কে পরবর্তী আবহাওয়া বিজ্ঞপ্তিতে আরও তথ্য পাওয়া যাবে।






