Logo

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, মঙ্গলবার ঢাকাসহ দেশে বৃষ্টির সম্ভাবনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর, ২০২৬, ১৩:১৬
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, মঙ্গলবার ঢাকাসহ দেশে বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে পরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূলের দিকে হতে পারে। এর প্রভাবে আগামী সোমবার (২৬ অক্টোবর) উপকূলীয় এলাকায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হতে পারে ‘অর্ণব’।

আবহাওয়াবিদ ওমর ফারুকের তথ্য অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সোমবারের দিকে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশে এর প্রভাব তুলনামূলক কম থাকার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারের দিকে।

এদিকে দীর্ঘদিন ধরে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত নেই। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণাধীন ৫১টি আবহাওয়া স্টেশনের কোনোটি থেকেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়াবিদদের মতে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিহীন পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদেরা জানান, সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে ধারাবাহিকভাবে একাধিক লঘুচাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পশ্চিমা বায়ুর প্রভাব বেশি থাকায় বাতাস সাগরের দিকে প্রবাহিত হচ্ছে। এসব কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেছে।

তবে আবহাওয়ার আরেকটি পরিবর্তন লক্ষ করা যাচ্ছে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানে। দিনের বেলায় গরম অনুভূত হলেও রাত ও ভোরের দিকে তাপমাত্রা কমছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের আমেজ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৮ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রামের সন্দ্বীপে, ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রাতের তাপমাত্রা নেমে আসে ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD