Logo

তেঁতুলিয়ায় কমেছে তাপমাত্রা, সন্ধ্যা থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২৫ অক্টোবর, ২০২৬, ১২:১৮
তেঁতুলিয়ায় কমেছে তাপমাত্রা, সন্ধ্যা থেকেই বাড়ছে ঠান্ডার অনুভূতি
ছবি: সংগৃহীত

উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরই মধ্যে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার এই পরিবর্তনের সঙ্গে রাত ও ভোরে বাড়ছে শীতের অনুভূতি, দেখা মিলছে ঘন কুয়াশারও।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগের দিন শনিবার একই সময়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে এখন তাপমাত্রা আরও নিচে নামতে শুরু করেছে। রাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি বাড়ছে।

বিজ্ঞাপন

ভোরের দিকে সড়ক-মহাসড়ক ও খোলা মাঠ কুয়াশায় ঢেকে যাচ্ছে। এতে সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। ভোরে কুয়াশার সঙ্গে হিমেল বাতাস শীতের আবহ আরও স্পষ্ট করে তোলে। তবে দিনের বেলায় সূর্যের আলো ছড়িয়ে পড়লে ঠান্ডার অনুভূতি অনেকটাই কমে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। একই সঙ্গে রাত ও ভোরে কুয়াশার প্রবণতাও বাড়ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে, রাতে ও ভোরে ঠান্ডার অনুভূতি বাড়ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে, ফলে শীতের অনুভূতিও বাড়ার সম্ভাবনা রয়েছে।

দিন ও রাতের তাপমাত্রার এই পার্থক্যের কারণে পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে ভোরের কুয়াশা ও সন্ধ্যার পর ঠান্ডা অনুভূতি শীতের আগমনী বার্তা দিচ্ছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD