Logo

গরম নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০
গরম নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অফিস
ফাইল ছবি

রাজধানী ঢাকায় রবিবার বৃষ্টির সম্ভাবনা খুবই কম। এর পরিবর্তে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে শনিবারের তুলনায় আজ গরমের অনুভূতি বেশি হতে পারে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদিন ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই। সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ রেকর্ড করা হয়।

দিনের সময় বাড়ার সঙ্গে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পেতে পারে। এতে রাজধানীবাসীকে তুলনামূলক বেশি অস্বস্তিকর গরমের মুখোমুখি হতে হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

এদিকে নদী অববাহিকা ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কসংকেত জারি করেনি আবহাওয়া অধিদপ্তর। সামগ্রিকভাবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দিনের বেশির ভাগ সময় গরমের অনুভূতি বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD