সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবারও থাকবে বৃষ্টি

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যেও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সাগরও উত্তাল থাকতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, চলমান বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েক দিন আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে এবং এ সময় তাপমাত্রা বাড়তে পারে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বর্তমান পূর্বাভাসেও বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে।
বর্ষা বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে দেশের কোথাও কোথাও আবার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়া সংশ্লিষ্ট পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।








