দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে না ভ্যাপসা গরম

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিনের বড় একটি সময় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার কারণে ভ্যাপসা গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস রয়েছে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে এসব অঞ্চলে আবহাওয়ার সাময়িক পরিবর্তন দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
আগামী কয়েক দিনের পূর্বাভাস তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।








