ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বাড়ছে জলোচ্ছ্বাসের আশঙ্কা। এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
বিজ্ঞাপন
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উপকূলীয় অঞ্চলসহ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি হালকা ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।
প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি, গঙ্গাসাগর এবং মেদিনীপুরের দীঘা, শংকরপুর, সুন্দরবন ও মৌসুনিতে সমুদ্রে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
উপকূলীয় এলাকাগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। পাশাপাশি শুরু হয়েছে হালকা বৃষ্টিপাত। মেদিনীপুর জেলার দীঘায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। পর্যটকদের সমুদ্রে স্নান করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গঙ্গাসাগরে পুণ্যার্থীদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। সেখানকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
বিজ্ঞাপন
জরুরি পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে উপকূলীয় এলাকাগুলোতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের বিভিন্ন রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কয়েক দিন ধরেই এ প্রচার চলছে।
নামখানা থানার অধীন উপকূলবর্তী এলাকাগুলোতেও মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়।
বিজ্ঞাপন
এরই মধ্যে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব ট্রলার ফিরে এসেছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।
এ বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক সতীনাথ পাত্র বলেন, মৎস্যজীবীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই আগাম সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। সমুদ্র ও উপকূলবর্তী এলাকার পরিস্থিতির ওপর নজর রেখে সবাইকে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।








