Logo

গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ নভেম্বর, ২০২৫, ১১:৩৬
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার আমবাগ বাবুর্চি মোড়ে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট সহায়তায় যোগ দেয়। টানা প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে গোডাউনের ভেতরে থাকা বিপুল পরিমাণ ঝুট পুড়ে গেছে। আগুন লাগার সময় কেউ হতাহত না হলেও ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD