Logo

নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার ৮০

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৫
নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেফতার ৮০
ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার অঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান জোরদার করা হয়েছে। গত এক মাসে পরিচালিত ৬১টি যৌথ অভিযানে ৮০ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নাশকতায় ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) দুপুরে কক্সবাজারের রামুতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর বলেন, সেনাবাহিনীর নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন, গুজব ও সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত টহল ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বিভিন্ন এলাকায় মোট ৬১টি যৌথ অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং সদস্য, চোরাকারবারি ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে ১৯টি বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি এবং ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া ১টি ড্রোন, ১টি ওয়াকিটকি, ১৩ লাখ টাকার জাল নোটসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ২০১টি ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার এবং ৬ কেজি গাঁজা। এ ছাড়াও বিভিন্ন ধরনের মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কর্নেল ফাইয়াজ মোহাম্মদ আকবর আরও বলেন, যৌথ অভিযানের ফলে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে এবং আতঙ্কিত জনগণের মাঝে স্বস্তি ও নিরাপত্তাবোধ ফিরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি জানান, জনগণ যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সেনাবাহিনী অসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবির রামু সেক্টরের মেজর নাজমুস সাকিব, র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি মো. ফারুক, কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ারসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD