দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনজনই স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
বিজ্ঞাপন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের তিন বন্ধু—রহমত উল্লাহ (১৪), সাহাবী হোসেন (১৪) ও সাইফ হোসেন (১৪)—প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে সকাল ৯টার দিকে বাড়ি ফেরার পথে দৌলতখালী হাজীপাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই রহমত উল্লাহ ও সাহাবী হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
নিহতরা হলেন—রহমত উল্লাহ (১৪) এবং সাহাবী হোসেন (১৪)। আহত সাইফ হোসেন ওই এলাকার জিয়ার আলী’র ছেলে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত দুই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত এক কিশোরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
বিজ্ঞাপন
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, “দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই কিশোর নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”








