Logo

`সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা'

profile picture
উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:২৬
`সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা'
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম. আব্দুস সামাদ বলেছেন, সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই জনগণের নিরাপত্তার প্রতীক। তিনি বলেন, ইসলামী ফ্রন্ট সুফিবাদী ও নিরপরাধ মানুষের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স.উ.ম. আব্দুস সামাদ বলেন, “একসময় বিএনপি জামায়াতের সঙ্গে জোট করেছিল। তখনই আমরা বলেছিলাম—জামায়াত যাদের বন্ধু হবে, তাদের আর শত্রুর প্রয়োজন নেই। আজও সেই বাস্তবতা দেখা যাচ্ছে।” তিনি আরও বলেন, বর্তমানে যারা ১১ দলীয় জোট গঠন করেছে, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, জামায়াত যখন কারও মিত্র হয়, তখন তাদের নতুন করে শত্রু খুঁজতে হয় না। এ সময় তিনি একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, “আরও একটি দল আছে যারা শীতকালে পাখা হাতে নিয়ে ঘোরে। তারা প্রতি সেকেন্ডে সেকেন্ডে অবস্থান পরিবর্তন করে। সুবিধা যেখানে, সেখানেই তারা ছুটে যায়। এদের কোনো নীতি নেই, একমাত্র নীতি হলো সুবিধাবাদ।”

ইসলামী ফ্রন্ট মহাসচিব বলেন, “এই সুবিধাবাদী রাজনীতির বাইরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আমরা মোমবাতি প্রতীক নিয়ে জনগণের সামনে হাজির হয়েছি। মোমবাতি প্রতীক সার্বজনীন এবং দল-মত নির্বিশেষে মানুষের নিরাপত্তার প্রতীক।”

তিনি বাঞ্ছারামপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. আবু নাসের মুসাকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে আধুনিক, নিরাপদ ও দুর্নীতিমুক্ত বাঞ্ছারামপুর গড়তে স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

নির্বাচনী জনসভায় খবরিয়া দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন শাহের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. আবু নাসের মুসা। এছাড়া উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, দপ্তর সচিব মো. আব্দুল হাকিম, প্রকাশনা সচিব সৈয়দ মোহাম্মদ আবু আজম, বাঞ্ছারামপুর উপজেলা যুবসেনার আহ্বায়ক হাফেজ মাওলানা হাবিব উল্লাহ, ছাত্রনেতা আলাউদ্দিন আলাল, ওয়ালী উল্লাহ মোল্লা, ওবায়দুল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD