আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের নেতা আটক

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দীন সুমনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
আটক সালাউদ্দীন সুমন ওই এলাকার সাহেব মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ মিয়া মাস্টারের ছেলে। তিনি উপজেলা কৃষকদলের আহ্বায়ক এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদও পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের নির্বাচনী সমন্বয় কমিটি-এর দায়িত্বেও রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনকে সামনে রেখে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনী নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়। অভিযানের সময় সালাউদ্দীন সুমনের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোররাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
বিজ্ঞাপন








