কেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাই

শেরপুর সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে তিনটি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম জানান, সকাল থেকে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু সকাল ১০টার কিছু আগে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।
তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইয়ে ধানের শীষ প্রতীকে কিছু ভোট দেওয়া ছিল। তবে একটি জাতীয় সংসদ এবং একটি গণভোটের ব্যালট বই এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার পর প্রশাসনকে অবহিত করা হয়েছে, ইতিমধ্যে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
বিজ্ঞাপন
এর আগে, শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
তবে শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে সকাল ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ৭টার আগেও কিছু ভোটার কেন্দ্রে এসে ভোটার নম্বর বের করে লাইনে দাঁড়াতে দেখা গেছে। স্থানীয়রা জানান, সকাল পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়বে।
বিজ্ঞাপন
শেরপুর-১ (সদর) আসনে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ৪,৫০,৪৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ২,২৪,৪৭২ জন, নারী ২,২৬,০০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এই আসনে মোট ১৪৫টি ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে ২৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ৪০টি গুরুত্বপূর্ণ এবং ৮১টি সাধারণ কেন্দ্র। সদর উপজেলার সব কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে।








