Logo

শিয়ালের সঙ্গে ধাক্কায় উল্টে গেল আলমসাধু, প্রাণ গেল এক নারীর

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৩৪
শিয়ালের সঙ্গে ধাক্কায় উল্টে গেল আলমসাধু, প্রাণ গেল এক নারীর
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সন্ধ্যা রানী (৬৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারী ও পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উথলী গ্রামের মালোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সন্ধ্যা রানী দর্শনা পৌরসভার রামনগর বাগদীপাড়ার বাসিন্দা দুলালের স্ত্রী।

আহতদের মধ্যে রয়েছেন— বাদোলি রানী (৩০), বিকাশ মণ্ডল (৪৫), রিকা রানী (৪০), শেফালী (৪৫), সন্ধ্যা (৫০), জোসনা (৫০), চায়না (৩০), টুকুল (৩০), অশোক (৪০) এবং আলমসাধুর চালক মিলন (৩০)। আহতদের উদ্ধার করে দর্শনার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যাত্রীরা বিভিন্ন হাটবাজারে ঝুড়ি ও ঝাপি বিক্রি শেষে আলমসাধুতে করে খালিশপুর থেকে দর্শনার দিকে ফিরছিলেন। পথে উথলীর মালোপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ দুটি শিয়াল গাড়ির সামনে চলে আসে। এতে দ্রুতগতির আলমসাধুটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সড়কের পাশে উল্টে যায়। ফলে যাত্রীরা ছিটকে পড়ে এবং কয়েকজন গুরুতর আহত হন।

খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক ঝণ্টু জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন।

এদিকে জীবননগর থানার পুলিশ জানায়, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD