বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে বাগেরহাট জেলা-এ নির্বাচনোত্তর সহিংসতা অব্যাহত রয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে জাতীয়তাবাদী যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী আলিমুজ্জামান রানা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। দুর্বৃত্তরা তাঁর টিনশেড বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে বসতঘর ও আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আলিমুজ্জামান রানা। ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেনের পরাজয়ের খবর ছড়িয়ে পড়লে নির্বাচনের দিন রাতেই বিজয়ী প্রার্থী জামায়াত সমর্থিত মঞ্জরুল হক রাহাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন সকালে পাল্টা হামলায় বিএনপির সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতা-কর্মীর বাড়িতে ভাঙচুর করা হয়। ধারণা করা হচ্ছে, এসব ঘটনার জের ধরেই সর্বশেষ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বিজ্ঞাপন
আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, যে কোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, বসতবাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন রয়েছে। আগের ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।








