সাপাহারে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করল মেমোরিয়াল ট্রাস্ট

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট।
বিজ্ঞাপন
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সাপাহার জিরো পয়েন্ট এলাকার আরব টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবারের হাতে রমজানের নিত্যপ্রয়োজনীয় খাদ্য তুলে দেওয়া হয়।
ট্রাস্টের দাতা মো. আহসান-উজ জামানের পক্ষে আসমান এগ্রোর স্বত্বাধিকারী আশফাক উল হক চৌধুরী উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ছিল ২৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি করে বুটের ডাল ও মসুর ডাল, ২ কেজি সোলাবুট, ২ কেজি চিনি, ১ কেজি খেজুর, মুড়ি-চিড়া, মসলা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার বিশিষ্ট সমাজসেবক ডা. ময়নুল হক দুলদুল, ফুটকইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল ইসলাম, সহকারী ইমাম হাফেজ ক্বারী হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, রমজান মাসে অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
এ সময় অতিথিরা ট্রাস্টের উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবানদের এমন মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এতে করে সামাজিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।








