৮ বছরের শিশুকে ধর্ষণ, মাদরাসা শিক্ষক পলাতক

ভোলার লালমোহনে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় মাদরাসার শিক্ষক নাঈম (২৮)-এর বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার সংলগ্ন একটি বাগানে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত নাঈম ওই এলাকার হেলাল মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু মাহিশা ও তার খেলার সাথী জিহাদ বাড়ির পাশে বাগানে লাকড়ি কুড়াতে যায়। অভিযোগ অনুযায়ী, নাঈম তাদেরকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে বাগানের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জিহাদকে এক পাশে বসিয়ে রাখার পর মাহিশাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকার শুনে জিহাদ এগিয়ে এলে নাঈম তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন: নাটোরে ৭০ বছর বয়সী বৃদ্ধা এসিডে দগ্ধ
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হয়। তবে অভিযুক্তের পরিবার বিষয়টি চাপা দিতে শিশুটিকে তাদের আত্মীয়ের মালিকানাধীন একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং তার ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্তের পরিবার স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার জন্য শিশুটির পরিবারকে চাপ দিচ্ছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে হাসপাতালে থাকায় এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
শিশুটির বাবা-মা জানিয়েছেন, তারা বর্তমানে মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন এবং সুস্থ হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।








