Logo

পাটগ্রামে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের চার মাসের কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
পাটগ্রাম, লালমনিরহাট
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৩২
পাটগ্রামে ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে যুবকের চার মাসের কারাদণ্ড
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত যুবক রানা ইসলাম (২১), তিনি বুড়িমারী ইউনিয়নের হাদিসপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে আলীমুদ্দিন ছবুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠ চলাকালীন রানা ইসলাম বিদ্যালয় চত্বরে প্রবেশ করেন। এ সময় তিনি এক ছাত্রীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন। বিষয়টি নজরে এলে বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ও দ্রুত ইউএনওকে অবহিত করেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তদন্তে ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় রানা ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনায় পাটগ্রাম থানার উপপরিদর্শক রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহায়তা করে।

এ বিষয়ে ইউএনও তানভীর হোসেন জানান, ছাত্রীকে হয়রানির অভিযোগ পাওয়ার পর সরেজমিনে গিয়ে অপরাধ নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD