মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার-এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য জেলার সব দপ্তরের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয়ভাবে উপস্থিত থাকার আহ্বান জানান।
সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষে আগামী ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে খুলনা শহিদ হাদিস পার্কের শহিদ মিনার-এ আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশন-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। মহান শহিদ দিবসে বাদ জোহর কালেক্টরেট জামে মসজিদসহ নগরীর সব মসজিদে ভাষা শহিদদের রূহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
প্রস্তুতিসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








