Logo

জীবননগরে রোজার শুরুতেই কাঁচাবাজারে অস্থিরতা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৬
জীবননগরে রোজার শুরুতেই কাঁচাবাজারে অস্থিরতা
ছবি: প্রতিনিধি

পবিত্র রমজান শুরু হতেই চুয়াডাঙ্গা জেলার জীবননগর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সবজি, মাছ ও মাংস—প্রায় সব খাতেই বেড়েছে দাম। বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির কেজিপ্রতি মূল্য ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বিজ্ঞাপন

ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুনের দাম ৩০–৪০ টাকা থেকে বেড়ে এখন কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শশা কেজি ১৪০ টাকা, লেবু হালি ৮০ টাকা, সজিনা ডাটা ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু ২০ টাকা ও পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হলেও অন্যান্য পণ্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি মিলছে না।

এছাড়া টমেটো ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা, করোলা ১২০ থেকে ১৬০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের প্রতিটি পিসে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সিম ৪০ টাকা, ফুলকপি ২৫ টাকা, কলাসহ আরও কয়েকটি সবজির দামও কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে।

বিজ্ঞাপন

তবে আলু, পেঁয়াজ, রসুন, গাজর, শুকনা মরিচ ও মিষ্টিকুমড়ার দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মাছের বাজারেও চাপ লক্ষ্য করা গেছে। রুই, কাতলা, মৃগেল, গ্লাসকার্প ও সিলভারকার্পের মতো বড় মাছের দাম কেজিপ্রতি প্রায় ৪০ টাকা বেড়েছে। তবে পাঙ্গাশ, তেলাপিয়া ও ছোট পোনার দামে তেমন পরিবর্তন হয়নি। মাংসের বাজারেও দাম বাড়ায় ক্রেতাদের অসন্তোষ বাড়ছে।

ভোক্তাদের অভিযোগ, রোজাকে কেন্দ্র করে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে। নিয়মিত তদারকির অভাবে কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্য কেনাকাটা কঠিন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমে গেছে। আড়তে বেশি দামে কিনতে হওয়ায় খুচরা পর্যায়েও দাম বাড়াতে হচ্ছে।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সচেতন ক্রেতারা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD