Logo

পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর

profile picture
জেলা প্রতিনিধি
পিরোজপুর
২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৯
পিরোজপুরকে ‘ক্লিন সিটি’ গড়ার ১৮০ দিনের মহাপরিকল্পনা প্রতিমন্ত্রীর
ছবি: প্রতিনিধি

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা পিরোজপুর জেলা সফর করেছেন আহম্মদ সোহেল মনজুর সুমন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে সড়কপথে পিরোজপুরে পৌঁছালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সার্কিট হাউসের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি পিরোজপুরকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের বিশেষ উন্নয়ন রোডম্যাপ ঘোষণা করেন। দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের শুভেচ্ছা গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে পিরোজপুরের অবহেলিত জনপদে দৃশ্যমান উন্নয়ন ঘটাতে চান।

বিজ্ঞাপন

তিনি জানান, আগামী ১৮০ দিনের মধ্যে শহর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রমজান মাসকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণ ও দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও বাজার তদারকিতে প্রশাসনকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরবাসীর ভালোবাসার প্রতিদান উন্নয়ন ও সেবার মাধ্যমে দেওয়াই তার অঙ্গীকার।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD