একুশের প্রহরে বারিতে শ্রদ্ধার্ঘ্য, দিনভর ভাষা শহীদ স্মরণে কর্মসূচি

গভীর শ্রদ্ধা ও নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
বিজ্ঞাপন
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বারির শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বারির মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমানের নেতৃত্বে পরিচালকবৃন্দ, বিভিন্ন গবেষণা কেন্দ্র ও বিভাগের প্রধান, বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন

দিবসের অংশ হিসেবে বাদ যোহর বারির সব মসজিদে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বারির মন্দির ও গির্জায়ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এছাড়া মহাপরিচালকের নেতৃত্বে বারির বিভিন্ন স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়।
বিজ্ঞাপন
প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বারিতে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ধর্মীয় ও আনুষ্ঠানিক নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।








