শ্রীমঙ্গলে খাল খননে উদ্ধার মর্টার শেল, সীমান্ত এলাকায় চাঞ্চল্য

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খাল খননের সময় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার হয়েছে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষক সহিদ মিয়া খাল খননের সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেন, এটি বোমা, লঞ্চার বা মাইন জাতীয় কিছু হতে পারে।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে এবং নিরাপত্তার স্বার্থে এলাকা ঘিরে রাখে।
বিজ্ঞাপন
ঘটনার পর মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়। পরে তাদের একটি দল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে মর্টার শেলটি নিরাপদে নিষ্ক্রিয় করে।
বিজ্ঞাপন
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু জানান, স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটি মর্টার শেলের অংশ বলে শনাক্ত করলে পুলিশকে খবর দেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








