ফরিদপুরে এনসিপি নেতার পদত্যাগ

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জেলা কমিটির যুগ্ম-সদস্যসচিব হায়দার মোল্যা (২৭) পদত্যাগ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান। পাশাপাশি লিখিত পদত্যাগপত্র জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়কের কাছে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে হায়দার মোল্যা উল্লেখ করেন, ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক কারণ বিবেচনায় স্বেচ্ছায় এবং সুস্থ চিন্তাভাবনার ভিত্তিতে তিনি দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকবেন কিনা, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমি হায়দার মোল্যা, ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম-সদস্যসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। পাশাপাশি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি ব্যক্তিগতভাবে যোগাযোগ না করার অনুরোধও জানিয়েছেন তিনি। তার এ ঘোষণায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফরিদপুর জেলা এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, ‘হায়দার মোল্যার পদত্যাগপত্রের কপি আমি পেয়েছি। এটি কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারে। কেউ চাইলে দল ছাড়তে পারে বা অন্য কোনো রাজনৈতিক ধারায় যুক্ত হতে পারে। এটি গণতান্ত্রিক সংস্কৃতিরই অংশ।’
বিজ্ঞাপন








