খাগড়াছড়িতে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের পরামর্শ সভা

খাগড়াছড়িতে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের উদ্যোগে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ–এর কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এবং জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক বিপেন্দু চাকমা। সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিক প্লাটফর্ম, আস্থা প্রকল্পের যুগ্ম-আহ্বায়ক ত্রিনা চাকমা।
বিজ্ঞাপন
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। পরে আস্থা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপরিকল্পনা তুলে ধরেন প্রকল্পের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ধনেশ্বর দেওয়ান।
বক্তারা বলেন, যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় পর্যায়ে সুশাসন জোরদার, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। জেলার বিদ্যমান সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
বিজ্ঞাপন
উন্মুক্ত আলোচনায় ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্মের প্রতিনিধিরা নানা প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা সিভিক প্লাটফর্ম ও ইয়ুথ গ্রুপের উদ্যোগে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ‘আস্থা প্রকল্প’-এর আওতায় এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।








