Logo

খরায়ও টিকে ‘জিএইউ সয়াবিন–৬’, চরাঞ্চলে কৃষিতে নতুন দিগন্ত

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১৮
খরায়ও টিকে ‘জিএইউ সয়াবিন–৬’, চরাঞ্চলে কৃষিতে নতুন দিগন্ত
ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো উচ্চ খরা-সহনশীল সয়াবিনের ইনব্রিড জাত ‘জিএইউ সয়াবিন–৬’ উদ্ভাবন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। দীর্ঘ দশকের গবেষণার পর কৃষিতত্ত্ববিদ ড. এম. এ. মান্নানের নেতৃত্বে উদ্ভাবিত এই জাত খরা ও উপকূলীয় চরাঞ্চলের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে।

বিজ্ঞাপন

তাইওয়ান, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সংগৃহীত প্রায় ২৫০টি জার্মপ্লাজমের মধ্যে তিন বছরের পরীক্ষা-নিরীক্ষার পর ‘জি০০০৫৬’ খরা-সহনশীল হিসেবে নির্বাচিত হয়। নোয়াখালি, লক্ষীপুর ও ভোলা অঞ্চলের মাঠপর্যায়ের পাঁচ বছরের সফল মূল্যায়নের ভিত্তিতে ২০২৫ সালের ১১ নভেম্বর জাতীয় বীজ বোর্ড এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।

উদ্ভাবক ড. মান্নান জানান, “জিএইউ সয়াবিন–৬ কঠিন খরার মধ্যেও টিকে থেকে বেশি ফলন দেয়। এছাড়া বীজে ট্রিপসিন ইনহিবিটরের পরিমাণ কম হওয়ায় পোল্ট্রি খাদ্যে প্রোটিন শোষণ বৃদ্ধি পায়। এ জাতের প্রোটিন ও তেল সমৃদ্ধি যথাক্রমে ৪০–৪৫% এবং ১৮–২০%, যা মানব ও প্রাণির পুষ্টিতে গুরুত্বপূর্ণ।”

বিজ্ঞাপন

এই নতুন জাতের বৈশিষ্ট্যসমূহ: হেক্টরপ্রতি ফলন ৩.২–৩.৮ টন। প্রতিটি গাছে ৮০–১০০টি ফল, ১০০০ বীজের ওজন প্রায় ২৩৮ গ্রাম। মাত্র ৩–৩.৫ মাসে পরিপক্ব হয়, দ্রুত লাভের সুযোগ।

গাকৃবির উপাচার্য ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন, “খরা-সহনশীল এই সয়াবিন জাত বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষিতে যুগান্তকারী সংযোজন হতে পারে। কৃষকের আয় ও স্থিতিশীলতা বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিজ্ঞাপন

এর আগে একই গবেষক দল লবণ ও জলাবদ্ধতা-সহনশীল আরও পাঁচটি উচ্চফলনশীল সয়াবিন জাত উদ্ভাবন করেছে। খরা-প্রবণ চরাঞ্চলে সয়াবিন চাষে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে ‘জিএইউ সয়াবিন–৬’।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD