চাঁদা না দেওয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম

যশোরের ঝিকরগাছায় চাঁদা দাবি প্রত্যাখ্যান করায় মালয়েশিয়া ফেরত এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ইমানুর (৩৪) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঝিকরগাছার চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। ইমানুর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকেই স্থানীয় একটি চক্র তার কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
স্বজনদের দাবি, বাজারে যাওয়ার পথে একই গ্রামের সবুজ (৩৩), সুমন (৩২), শামিম (৩৩)সহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক স্বপন দাস জানান, আহতের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রবাস ফেরতদের লক্ষ্য করে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
ঝিকরগাছা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম জানান, বিষয়টি জানা গেছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।








