Logo

বাঞ্ছারামপুরে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া
২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৯
বাঞ্ছারামপুরে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ জরিমানা
ছবি প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার প্রতাপগঞ্জ বাজারে অনুমোদনহীন, ভেজাল ও মানহীন পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া। বিএসটিআইয়ের প্রসিকিউশনে পরিচালিত এ তদারকিতে প্রতাপগঞ্জ বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।

পরিদর্শনের সময় ‘স্বপ্ন ছোঁয়া’ ও ‘ছয় তারা’ নামের দুটি প্রতিষ্ঠানে বিএসটিআই অনুমোদনবিহীন এবং বিক্রয় নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির প্রমাণ মেলে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও প্রচলিত বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও অনুমোদনহীন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জব্দকৃত পণ্যগুলো বিধি অনুযায়ী ধ্বংস করা হবে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তারা সতর্ক করেছেন।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, নিয়মিত নজরদারি থাকলে বাজারে ভেজাল ও অনুমোদনহীন পণ্যের বিস্তার অনেকাংশে কমে আসবে। ভোক্তা সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ধারাবাহিক ও কঠোর পদক্ষেপের আহ্বানও জানিয়েছেন তারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD