Logo

পাবনায় গোপন মজুত ভেঙে উদ্ধার দেড় হাজার লিটার তেল

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৪ মার্চ, ২০২৬, ১৮:৫২
পাবনায় গোপন মজুত ভেঙে উদ্ধার দেড় হাজার লিটার তেল
ছবি প্রতিনিধি।

​পাবনার সুজানগর উপজেলার চিনাখড়া বাজারে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) সকালে পরিচালিত এক অভিযানে একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা ১,৫০০ লিটার পেট্রোল ও অকটেন উদ্ধার করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে শনিবার (১৪ মার্চ) সকাল থেকে সুজানগরের চিনাখড়া ও আতাইকুলাসহ আশপাশের বাজারে তদারকিমূলক অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

​অভিযান চলাকালে চিনাখড়া বাজারের ‘খান এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সন্টু ইসলাম আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কৌশলে দোকান বন্ধ করে দেন। এতে সন্দেহ ঘনীভূত হলে স্থানীয়দের সহায়তায় দোকানের পেছনে সন্টু ইসলামের বাড়িতে প্রবেশ করে আভিযানিক দল। তল্লাশিকালে বাড়ির গোয়ালঘরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে মজুত করা অবস্থায় ১,৫০০ লিটার জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়।

​দণ্ড ও তাৎক্ষণিক ব্যবস্থা ​বাজারের অস্থিরতাকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করার অপরাধে সন্টু ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল পরবর্তীতে ভোক্তা অধিকার কর্মকর্তাদের উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

বিজ্ঞাপন

​অভিযান শেষে মাহমুদ হাসান রনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে একদল অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তারা বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তেল মজুত করে রাখছিল। ​

তিনি আরও জানান, এদিন চিনাখড়া ও আতাইকুলাসহ মোট চারটি বাজারে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD