Logo

ঝালকাঠিতে প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

profile picture
উপজেলা প্রতিনিধি
রাজাপুর, ঝালকাঠি
১৪ মার্চ, ২০২৬, ২০:০৬
ঝালকাঠিতে প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু
ছবি প্রতিনিধি।

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নৌ কর্মকর্তা’র একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনায় দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা ইমতিয়াজ আলম (৩৫) বরিশালে নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িতে তার স্ত্রী আতিয়া রাতু রুমানা (৩৩) ও দেড় বছর বয়সী কন্যা মেহেরিনা ছিল।

বিজ্ঞাপন

পথে বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা শিশু মেহেরিনা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় গাড়িচালক ইমতিয়াজ আলম ও তার স্ত্রী আতিয়া রাতু রুমানা আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, বাগড়ি বাজার এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং দুজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD