Logo

শেরপুরে পুকুরে মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ

profile picture
উপজেলা প্রতিনিধি
শেরপুর, বগুড়া
১ এপ্রিল, ২০২৬, ১৬:১১
শেরপুরে পুকুরে মাছ লুটের ঘটনায় থানায় অভিযোগ
ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় পুকুরের মাছ লুট, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর পেঁচুল গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্ত মো. সজিব আহম্মেদ রাজু ও অজ্ঞাতনামা আরও ৩৫–৩৮ জন দলবদ্ধ হয়ে তার পুকুরে প্রবেশ করেন।

অভিযোগে বলা হয়, পুকুর থেকে প্রায় ১৮ মণ রুই, কাতল ও গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে নিয়ে যাওয়া হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা।

বিজ্ঞাপন

ভুক্তভোগীর দাবি, খবর পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা পুকুরে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ করেন। একপর্যায়ে তার স্ত্রী লিপি আক্তারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং ছেলে রবিউল ইসলাম ভিডিও ধারণ করতে গেলে তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়। পরে তাদের এলোপাতাড়ি মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত সজিব আহম্মেদ রাজু অভিযোগ অস্বীকার করে বলেন, “অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পুকুরটি আমি বন্ধক নিয়েছি, আমার পুকুরে আমি মাছ মেরেছি।”

বিজ্ঞাপন

শেরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সত্যতা যাচাই পূর্বক তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD