পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা, নেপথ্যে নির্বাচনী প্রতিহিংসার অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আফছার সরদার ওই গ্রামের কাজি সরদারের ছেলে।
বিজ্ঞাপন
এলাকাবাসী জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে আফছারের আত্মচিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে আসেন। তারা তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত নিয়ে পড়ে থাকতে দেখেন।
মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে।
বিজ্ঞাপন
নিহতের মেয়ে আমেনা খাতুন জানান, “দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার উপর হামলা চালায়। বাবার আত্মরক্ষার্থে তিনি বাড়িতে পালিয়ে আসেন। আমি ধারণা করি, প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।”
আফছারের মা আবেদা খাতুন বলেন, “আমার ছেলে সহজ সরল প্রকৃতির মানুষ। যে কেউ তাকে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।”
স্থানীয় আব্দুল করিম জানান, “আফছার সুন্দর মনের মানুষ ছিলেন। এলাকার কারো সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না। আমার মনে হয় এটি ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড।”
বিজ্ঞাপন
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান, “পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন; তদন্ত শেষে হত্যার মূল রহস্য উদঘাটিত হবে।”








