Logo

কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ছাঁটাই ৭৩৯ শ্রমিক

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৩ অক্টোবর, ২০২৬, ১৩:১১
কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ছাঁটাই ৭৩৯ শ্রমিক
ছবি: সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। ব্যাংকিং জটিলতা এবং অতিরিক্ত জনবলের কারণে উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার দুপুরে ছাঁটাইয়ের বিষয়ে জানতে চাইলে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান জানান, সাউথইস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে তাঁদের হিসাবসংক্রান্ত জটিলতা চলছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আব্দুল খালেক পাঠানের দাবি, ব্যাংকগুলো তাঁর সঙ্গে বসে হিসাবের সঠিকতা যাচাই না করেই ঋণের হিসাব নির্ধারণ করছে। এ জটিলতা নিরসনে অডিটর, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম এবং অভিজ্ঞ অর্থনীতিবিদদের নিয়ে আলোচনার মাধ্যমে হিসাব যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন তিনি।

কেয়া গ্রুপের চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, চারটি ব্যাংক প্রতিষ্ঠানটির প্রায় তিন হাজার কোটি টাকার ঋণের কথা বলছে। হিসাবের গরমিল নিরসন করা গেলে ঋণের প্রকৃত পরিমাণ ও আর্থিক পরিস্থিতি স্পষ্ট হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যাংকিং জটিলতার কারণে ঋণপত্র (এলসি) খোলা বন্ধ রয়েছে বলেও জানান আব্দুল খালেক পাঠান। এতে কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য রপ্তানি ব্যাহত হচ্ছে। ফলে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে মোট ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। কারখানাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রধান ফটকে শিল্প পুলিশের সদস্য মোতায়েন করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD