আসামি নিয়ে ফেরার পথে নিহত এসআই ও বিএনপি নেতা

গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর থানায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত পুলিশ কর্মকর্তা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০)। অপর নিহত ব্যক্তি রফিক মোল্লা (৪৫), তিনি তুমুলিয়া এলাকার বাসিন্দা ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। আহত দুজন হলেন এসআই জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকার আহিদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য রাত পৌনে ৩টার দিকে অভিযান চালায় পুলিশের একটি দল। এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আহিদকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। তিনি মৃত শহিদ মিয়ার ছেলে।
আহিদকে নিয়ে থানায় ফেরার পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামানো হয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, এসআই জাবেদ ওমর এবং চালক রাব্বি। হঠাৎ ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যান তাঁদের চাপা দিয়ে চলে যায়।
বিজ্ঞাপন
দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, চালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








